বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে টালমাটাল সময়ের মাঝে এখন পর্যন্ত ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন মানুষ এই মরণভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়া প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। আর দুই ডোজ মিলে এখন মোট টিকা নিয়েছেন ৮৯ লাখ ২৬ হাজার ৪৬৬ জন।
মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দেশজুড়ে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।
গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা পাওয়া নিয়ে সংকট দেখা দেওয়ায় আপাতত গণহারে প্রথম ডোজের টিকার প্রয়োগ বন্ধ আছে। তবে সরকার রাশিয়া ও চীন থেকে বিকল্প ব্যবস্থা টিকা আনার ব্যবস্থা করছে। চলতি মাসেই বিকল্প উৎস থেকে টিকা এলে আবার প্রথম ডোজের টিকার প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।